ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় চাঞ্চল্যকর ঘটনা। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ, জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বিধাননগর থানার পুলিশ সব্যসাচীকে সঙ্গে নিয়ে তেহট্টে টিনার বাড়িতে তল্লাশি চালায়। তবে অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই টিনা বাড়ি থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর একাধিক সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়ার পর, জিজ্ঞাসাবাদের মাধ্যমে টিনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানতে পারে পুলিশ। সোমবার রাতে সেই সূত্র ধরেই টিনার বাড়িতে হানা দেওয়া হয়। যদিও তাঁর খোঁজ মেলেনি, তবে তল্লাশিতে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়। টিনার বাবার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, টিনা তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর নদিয়া জেলার সভানেত্রী ছিলেন এবং গত লোকসভা নির্বাচনের আগে জেলা পর্যবেক্ষকের দায়িত্বেও ছিলেন। তাঁর সঙ্গে সব্যসাচীর ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে। উদ্ধার হওয়া সোনার মালিকানা এবং এর সঙ্গে সব্যসাচীর তোলাবাজি মামলার কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত টিনার খোঁজে তল্লাশি জারি রয়েছে।








