ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : আকাশযুদ্ধের খেলাটা বদলে দিতে আসছে রাশিয়ার ভয়ঙ্কর স্টেলথ যোদ্ধা! ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একেবারে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে পঞ্চম প্রজন্মের Su-57-কে। সামনে আসা এক চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গিয়েছে সেই আপডেটের ঝলক, আর তাতেই হইচই পড়ে গিয়েছে প্রতিরক্ষা মহলে। কারণ, আগামী বছরই এই বিমান পা রাখতে পারে ভারতের মাটিতে!
তবে এখনই একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার, বিমান ভারতে আসা মানেই কিন্তু কেনা হয়ে যাওয়া নয়। ভারতীয় বায়ুসেনা এখনও পর্যন্ত Su-57 কেনার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি। দিল্লি এখনও দেখছে, বুঝছে, যাচাই করছে। কিন্তু রাশিয়া যে এই বিমানকে ভারতের সামনে সবথেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চাইছে, তা আর বুঝতে বাকি নেই কারও।
ভিডিওতে যা দেখা গেছে, তা চমকপ্রদ। রুশ সংস্থা United Aircraft Corporation (UAC) Su-57-এ নতুন চোখ যুক্ত করেছে। বিমানের 101KS-U মিসাইল সতর্কীকরণ ব্যবস্থায় নতুন ইনফ্রারেড সেন্সর চ্যানেল বসানো হয়েছে। আগে শুধু অতিবেগুনি সেন্সর থাকায় ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ সীমিত ছিল। এখন ইনফ্রারেড যুক্ত হওয়ায় Su-57 যেকোনো ক্ষেপণাস্ত্র আগে ও নিখুঁতভাবে শনাক্ত করবে, ফলে শত্রু ছোড়ার আগেই পাইলট সতর্ক হতে পারবেন।
এতেই শেষ নয়। ভিডিওতে আরেকটি বড় পরিবর্তনও চোখে পড়েছে। Su-57-এর 101KS-O ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টারমেজার ব্যবস্থাও অনেকটাই উন্নত করা হয়েছে। দাবি করা হচ্ছে, এর লেজার সেন্সরের অ্যাপারচার ও নজরদারির পরিসর বেড়েছে। সহজে বললে, শত্রুর ক্ষেপণাস্ত্র ধেয়ে এলে এই লেজার ব্যবস্থা তার লক্ষ্য-নির্ধারক সেন্সরকে বিভ্রান্ত করে অচল করে দেয়।
পাশাপাশি বিমানের গায়ে বসানো ইলেকট্রো-অপটিক্যাল সেন্সরের ক্ষেত্রও বাড়ানো হয়েছে। অর্থাৎ পাইলট এখন ককপিটে বসেই চারপাশের পরিস্থিতি আরও স্পষ্টভাবে, আরও বিস্তৃতভাবে দেখতে পাবেন। কোন দিক থেকে বিপদ আসছে, কোথায় লুকিয়ে আছে শত্রু, সবকিছুই ধরা পড়বে তাঁর চোখে। আধুনিক আকাশযুদ্ধে এই ‘সিচুয়েশনাল অ্যাওয়ারনেস’ই আসল অস্ত্র।









