গুয়াহাটিতে পারফর্ম করার সময় ড্রোনের ধাক্কা, মঞ্চ ছাড়লেন ধুরন্দর-গায়িকা ‘রেবেল’!

গুয়াহাটিতে PULSE 2026 Awards-এ পারফর্ম করার সময় ড্রোনের ধাক্কা লাগে র‍্যাপার-গায়িকা রেবেলের। এরপর মঞ্চ ছেড়ে চলে যান তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: মঞ্চে জমিয়ে পারফর্ম করছেন র‍্যাপার রেবেল। হঠাৎই আকাশ থেকে উড়ে এসে মুখে ধাক্কা মারল একটি ড্রোন! মুহূর্তের মধ্যেই বদলে গেল অনুষ্ঠানের পরিবেশ। চমকে গিয়ে গান থামিয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন জনপ্রিয় এই গায়িকা। ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে আয়োজিত PULSE 2026 Awards অনুষ্ঠানে। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সেখানে পারফর্ম করছিলেন রেবেল। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান ‘Run Down The City – Monica’ গাইছিলেন তিনি। গানের তালে মঞ্চে নাচছিলেন এবং লাফাচ্ছিলেন র‍্যাপার। ঠিক সেই সময় একটি ড্রোন আচমকা তাঁর মুখে ধাক্কা মারে এবং মাটিতে পড়ে যায়।

ঘটনায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যান রেবেল। তারপরই মঞ্চ ছেড়ে চলে যান তিনি। এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি। ভিডিওটি সামনে আসতেই শিল্পীদের নিরাপত্তা এবং অনুষ্ঠানের আয়োজকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

রেবেলের আসল নাম দাইয়াফি লামারে। মেঘালয়ের বাসিন্দা এই শিল্পী ‘ধুরন্ধর’-এর ‘Naal Nachna’ এবং ‘Run Down The City’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সংগীত পরিচালক শাশ্বত সচদেবের সঙ্গে গানগুলির কথা তৈরিতেও যুক্ত ছিলেন তিনি।

ঘটনার পর এখনও পর্যন্ত নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি রেবেল। ফলে তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ অব্যাহত।