ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : জার্মানির গেলসেনকির্খেন শহরে এমনই এক অবিশ্বাস্য, অমানবিক ঘটনা ঘটেছে, যা শুনলে যে কেউ চমকে উঠবেন। শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসার ‘অপরাধে’ ৩১ বছর বয়সি হানা নামে এক তরুণীকে ২৫ ইউরো জরিমানা করেছে পুরসভা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২,৫৪০ টাকা। সঙ্গে কোনও শিশু ছিল না, এই একটাই কারণে তিন-তিনজন পুরসভার আধিকারিক এসে তাঁকে জরিমানা ধরিয়ে দেন।
জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ২৫ অক্টোবর। সেদিন পড়াশোনা আর আর্থিক টানাপোড়েন নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন হানা। মনটা ভীষণ খারাপ ছিল। একটু শান্তি খুঁজতে, একটু একা থাকতে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন ওই শিশুদের খেলার মাঠে। সেখানে একটি ফাঁকা বেঞ্চে বসে আত্মীয়াকে ফোন করছিলেন। কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
হানার কথায়, “আমি শুধু কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলাম, যাতে কেউ আমায় দেখতে না পায়।” কিন্তু ভাগ্যের পরিহাস, সেই নীরব কান্নার মুহূর্তেই এসে হাজির হন পুরসভার তিন আধিকারিক। মাঠের দোলনায় খেলা দুই বালককে দেখিয়ে তাঁরা জানতে চান, তারা হানার সন্তান কি না। হানা ‘না’ বলতেই সঙ্গে সঙ্গে তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় জরিমানার কাগজ।
পরে জানা যায়, গেলসেনকির্খেনের পুরসভার নিয়ম অনুযায়ী, শহরের খেলার মাঠগুলি কেবলমাত্র ১৪ বছর বা তার কমবয়সি শিশুদের জন্য সংরক্ষিত। প্রাপ্তবয়স্করা সেখানে ঢুকতে বা বসতে পারেন কেবল শিশুদের সঙ্গে থাকলে। এই নিয়মের কথা নাকি জানাই ছিল না হানার।
আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। কাউকে বেঞ্চে বসে কাঁদতে দেখলে আগে কি জানতে চাওয়া যেত না, তাঁর কোনও সাহায্য দরকার কি না? আগে মানবিকতা, পরে নিয়ম? হানার ক্ষোভও ঠিক সেখানেই। তাঁর বক্তব্য, “আগে আমায় জিজ্ঞেস করা যেত, আমি ঠিক আছি কি না। পরে নিয়মটা বুঝিয়ে বলা যেত।”









