ইরাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদারে আল-জাইদির উদ্যোগে ট্রাম্পের সমর্থন

ইরাকে তেল পাচার বন্ধ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদারে প্রধানমন্ত্রী আলি আল-জাইদির উদ্যোগকে সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Share:

ব্যুরো নিউজ, ২৭শে নভেম্বর ২০২৬ : ইরাকে রাষ্ট্রের কর্তৃত্ব ফেরাতে এবার যেন সরাসরি ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। আর তাঁর এই লড়াইয়ে প্রকাশ্যে পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, তেল পাচার বন্ধ করা, দুর্নীতির শিকড় উপড়ে ফেলা এবং দেশের সমস্ত অস্ত্রকে রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার যে অভিযানে নেমেছে বাগদাদ, সেই অভিযানে ওয়াশিংটন পুরোপুরি তাদের পাশে রয়েছে।

ট্রাম্পের এই বার্তা কেবল কূটনৈতিক শিষ্টাচার নয়, ইরাকের রাজনীতির জন্য এক বড় সংকেত। আল-জাইদির গৃহীত পথে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী ও কুর্দি কর্তৃপক্ষ, উভয়ের সঙ্গেই সরাসরি সংঘাতের আশঙ্কা রয়েছে। দুই পক্ষের সঙ্গেই বাগদাদের সম্পর্ক এখন তলানিতে। এমন মুহূর্তে আমেরিকার প্রকাশ্য সমর্থন আল-জাইদির অবস্থানকে অনেকটাই সুদৃঢ় করেছে।

ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি কড়া ভাষায় বলেছেন, সোমোকে বাদ দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি সরাসরি পাচার হিসেবে গণ্য হবে। সরকারি সংবাদ সংস্থাকে তিনি জানান, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে কুর্দিস্তান হয়ে তেল পাচারে ইরাকের প্রায় ১০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তবে হিসাবটি কীভাবে নির্ধারিত হয়েছে, সরকার তা এখনও স্পষ্ট করেনি। তবুও এই দাবি তেলকেন্দ্রিক সংঘাতের গভীরতা তুলে ধরে।

আসলে বাগদাদের এখন প্রধান লক্ষ্য বিদেশি বিনিয়োগ টানা। যুদ্ধ, সাম্প্রদায়িক বিভাজন, দুর্নীতি ও অস্থিরতায় জর্জরিত ইরাকের অর্থনীতি চাঙা করতে বিনিয়োগ অপরিহার্য। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আগে দেখাতে হবে—দেশে একটিই সরকার, একটিই আইন, একটিই নিয়ন্ত্রণ। এজন্যই আল-জাইদি ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছেন।

তবে আইনের দিক থেকে আপাতত বাগদাদের পাল্লাই ভারী। ইরাকের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, কুর্দিস্তান-সহ সব আন্তর্জাতিক সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারবে বাগদাদ। এই রায় আল-জাইদিকে আইনি বৈধতা দিয়েছে ঠিকই, কিন্তু মাটিতে সেই রায় কার্যকর করা যে কতটা কঠিন, তা বুঝতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা।