নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি, জারি হলুদ সতর্কতা; কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি, কলকাতা সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? উত্তরবঙ্গের পূর্বাভাস জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত চলছে, যার জেরে জনজীবন ব্যাহত। বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে আজ বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় অঝোরে বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রপাতের পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকায় আগামী ৭ জুলাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসন যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুমগুলি দিনরাত কাজ করছে। ঝুঁকিপূর্ণ ও নিচু এলাকাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর ও কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামগ্রিকভাবে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের আবহাওয়ায় বিশেষ পরিবর্তন আশা করা যাচ্ছে না।