ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: ভারতের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করার পর এবার চিনের সঙ্গে মংলা বন্দর আধুনিকীকরণের জন্য বিশাল অঙ্কের ঋণ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিনের একটি ব্যাঙ্কের সঙ্গে ৩৩৫.৭৮ বিলিয়ন ডলারের এই চুক্তিতে সই করেছে ঢাকা। এর মাধ্যমে মংলা বন্দরে দুটি কন্টেনার টার্মিনাল, কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড এবং কন্টেনার ডেলিভারি ইয়ার্ড তৈরি করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বন্দরটি ভারতের সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
বছরখানেক আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোংলা বন্দরের কাছে ভারতের ১১০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রকল্প বাতিল করে দিয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ার কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপর থেকেই চিনের সঙ্গে বাংলাদেশের সখ্যতা ক্রমশ বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ঋণ চুক্তির মধ্য দিয়ে চিন এবং বাংলাদেশ যে আরও কিছুটা কাছাকাছি আসবে, সে কথা বলাই বাহুল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান চিন সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। তবে তিনি এখনও ভারত সফর স্থগিত রেখেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা না করে চিনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নয়া দিল্লির জন্য খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করছেন, এই বিশেষ পদক্ষেপের মধ্য দিয়ে ভারতকেও একটি বার্তা দিতে চাইছে বাংলাদেশ। এই ঘটনা আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








